সোমবার ● ৩ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রীর নাম ও সিল-প্যাড ব্যবহার করে তদবির বাণিজ্য: মোংলায় চক্রের মূলহোতা গ্রেপ্তার

হোম » খুলনা » প্রতিমন্ত্রীর নাম ও সিল-প্যাড ব্যবহার করে তদবির বাণিজ্য: মোংলায় চক্রের মূলহোতা গ্রেপ্তার
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

প্রতিমন্ত্রীর নাম ও সিল-প্যাড ব্যবহার করে তদবির বাণিজ্য: মোংলায় চক্রের মূলহোতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা টুকু শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিসিয়াল স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে।

 

রবিবার রাতে প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির ও বিভিন্ন ধরনের সুবিধা আদায়ের চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত কৌশলে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল ও একটি অফিসিয়াল স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।

 

এ ঘটনায় রবিবার দিবাগত রাতে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে টুকু শেখকে প্রধান আসামি করে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং পুরো প্রতারণা নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ১১:৪৯:৪৪ ● ২৮ বার পঠিত