রবিবার ● ২ আগস্ট ২০২৬
কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালাল চোরাশিকারীরা
হোম » খুলনা » কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালাল চোরাশিকারীরা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলার লঞ্চঘাটসংলগ্ন নদীর চরে অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, একটি নৌকা ও শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বন বিভাগ। অভিযানের খবর পেয়ে চোরাশিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রবিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের লঞ্চঘাটসংলগ্ন নদীর চর এলাকায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন কাশিয়াবাদ স্টেশনের ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন।
বন বিভাগ জানায়, গোলবাগানের ভেতরে ফেলে রাখা হরিণের মাংস ও অন্যান্য আলামত উদ্ধার করা হলেও অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের অনুমতিক্রমে উদ্ধার করা হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ২২:২৮:১০ ● ২৫ বার পঠিত
