রবিবার ● ২ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে জুলাই আন্দোলনের স্মারক তোরণে আগুনের অভিযোগ

হোম » রাজনীতি » গোপালগঞ্জে জুলাই আন্দোলনের স্মারক তোরণে আগুনের অভিযোগ
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত একটি স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নির্মিত তোরণটি শনিবার বিকেলে নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই রাতে আগুনে আংশিক পুড়ে যায়।

 

স্থানীয় সূত্র জানায়, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। একই সঙ্গে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল। শনিবার রাত প্রায় ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ রয়েছে। এতে তোরণের একটি অংশ পুড়ে যায়। পাশাপাশি পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নামসংবলিত অংশও ক্ষতিগ্রস্ত হয়।

 

পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, দুপুরে তোরণ নির্মাণের পর তারা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে ছিলেন। পরে জানতে পারেন, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

তিনি আরও জানান, রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:২৪ ● ২৪ বার পঠিত