রবিবার ● ২ আগস্ট ২০২৬
দুবাইয়ে বেনজীরের কারামুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হোম » জাতীয় » দুবাইয়ে বেনজীরের কারামুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
![]()
সাগরকন্যা প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এটি দেশটির নিজস্ব আইনি প্রক্রিয়ার অংশ। তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইউএই সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে।
রবিবার (২ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের শর্তসাপেক্ষে মুক্তি সংযুক্ত আরব আমিরাতের আইনগত প্রক্রিয়ার অংশ। তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বেনজীর আহমেদের মুক্তির বিষয়টি জানা গেছে। তবে তার জামিনে মুক্তি পাওয়ার ক্ষেত্রে দুদকের পক্ষ থেকে কোনো আইনি গাফিলতি ছিল না।
জানা গেছে, ইউএইর একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গত ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।
এর আগে, দুদকের একটি মামলার ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করে। পরে ১২ জুন দুবাই পুলিশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেফতারের বিষয়টি জানিয়ে চিঠি পাঠায়। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্রও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৭ ● ২৯ বার পঠিত
