রবিবার ● ২ আগস্ট ২০২৬

পিরোজপুরের বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল জব্দ

হোম » জেলে-মৎস্য » পিরোজপুরের বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল জব্দ
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

পিরোজপুরের বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে তিনটি অবৈধ বাঁধা জাল জব্দ করে পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আরিফের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

 

অভিযান শেষে জব্দ করা তিনটি বাঁধা জাল ইন্দুরকানী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধা জাল নদীর স্বাভাবিক জলপ্রবাহ ও মাছের প্রজনন ব্যাহত করে। এসব জালের কারণে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার কিংবা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সচেতন মহল নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:০৯ ● ২৪ বার পঠিত