রবিবার ● ২ আগস্ট ২০২৬

গৌরনদীর যুবককে লিবিয়ায় নিয়ে নির্যাতন: মানবপাচার মামলার আসামি গ্রেফতার

হোম » বরিশাল » গৌরনদীর যুবককে লিবিয়ায় নিয়ে নির্যাতন: মানবপাচার মামলার আসামি গ্রেফতার
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

গৌরনদীর যুবককে লিবিয়ায় নিয়ে নির্যাতন: মানবপাচার মামলার আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশাল ও মাদারীপুরে দায়ের হওয়া একাধিক মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির (৫৫) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ থেকে র‌্যাব-১২-এর একটি দল তাকে গ্রেফতার করে। পরে গভীর রাতে তাকে বরিশালের গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। শনিবার তাকে বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠনো হয়েছে।

 

গ্রেফতার ইলিয়াস ফকির গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুরে অন্তত চারটি মানবপাচারের মামলা রয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের বারেক বেপারীর ছেলে রাসেল বেপারী (২৯)কে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ইলিয়াস ফকিরের সঙ্গে ২০ লাখ টাকায় চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী গত বছরের ২৩ নভেম্বর রাসেলের পরিবার দালালচক্রের হাতে ওই টাকা তুলে দেয়।

 

পরদিন ২৪ নভেম্বর রাসেলকে প্রথমে শ্রীলঙ্কায় নেওয়া হয়। পরে সৌদি আরব, কুয়েত ও মিশর হয়ে তাকে লিবিয়ায় নিয়ে একটি চক্রের কাছে আটকে রাখা হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে সেই ভিডিও পরিবারের কাছে পাঠানো হয়। পরে তাকে মুক্ত করতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

 

রাসেলের পরিবার তাকে উদ্ধারের আশায় বিভিন্ন ব্যাংক হিসাব ও নগদ টাকার মাধ্যমে কয়েক ধাপে আরও ২৪ লাখ টাকা দালালচক্রকে দেয়। তবে টাকা দেওয়ার পরও দীর্ঘদিন তাকে দেশে ফেরানো হয়নি। পরে গত ১৬ জুন বিমানে করে রাসেলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

 

দেশে ফিরে গত ১২ জুলাই রাসেল বেপারী বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন বিশেষ ট্রাইব্যুনালে ইলিয়াস ফকিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব সিরাজগঞ্জ থেকে প্রধান আসামি ইলিয়াস ফকিরকে গ্রেফতার করে।

 

এদিকে, মাদারীপুর জেলাতেও ইলিয়াস ফকিরের বিরুদ্ধে আরও তিনটি মানবপাচার মামলা রয়েছে বলে জানা গেছে। ওইসব মামলায়ও তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ভুক্তভোগীরা এসব মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিবিয়ায় নির্যাতনের শিকার এক যুবকের দায়ের করা মানবপাচার মামলায় ইলিয়াস ফকিরকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলে আইনানুগ প্রক্রিয়ায় সেসব মামলায়ও তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৬:১১ ● ৬৪ বার পঠিত