শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বাবুগঞ্জের মেয়ে আসমা হোসেন

হোম » বরিশাল » সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বাবুগঞ্জের মেয়ে আসমা হোসেন
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬


সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বাবুগঞ্জের মেয়ে আসমা হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

পরিশ্রম, অধ্যবসায় ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মেয়ে আসমা হোসেন। তিনি পুনরায় বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার কার্যনির্বাহী সদস্য আসমা হোসেন প্রথমে গত ১৮ মার্চ সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। পরে গত ৩০ জুলাই পুনরায় একই পদে নিয়োগ লাভ করেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্টের প্রশাসনিক ট্রাইব্যুনালের প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আসমা হোসেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রকৌশলী সোহরাব আলী বেপারী ও হোসনে আরা খানম দম্পতির বড় মেয়ে। তবে তাঁর বেড়ে ওঠা গৌরনদী উপজেলার সরিকল এলাকায়।

তিনি ২০০৪ সালে সরিকল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৬ সালে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভের পর ২০১৭ সাল থেকে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

নিজের সাফল্য প্রসঙ্গে আসমা হোসেন বলেন, তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড় এবং তাঁদের বংশে প্রথম নারী হিসেবে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। তিনি আইন পেশার মাধ্যমে দেশ ও মানুষের সেবা করতে চান। পাশাপাশি ভবিষ্যতে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ারও ইচ্ছা রয়েছে বলে জানান।

আসমা হোসেনের এই অর্জনে তাঁর পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৩৭ ● ২৬ বার পঠিত