শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ প্রধানমন্ত্রীর ঘোষণাই সম্প্রীতির ভিত্তি: তথ্যমন্ত্রী
হোম » বরিশাল » ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ প্রধানমন্ত্রীর ঘোষণাই সম্প্রীতির ভিত্তি: তথ্যমন্ত্রী
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় ঐক্যের ভিত্তি। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়ই সবার সর্বজনীন পরিচয়। দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ, বিদ্বেষ ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালায়। এ ধরনের কর্মকাণ্ড ধর্মের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতিকেও দুর্বল করে।
তিনি বলেন, সব ধর্মই মানবতা, শান্তি, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। ধর্মের নামে বিদ্বেষ, জঙ্গিবাদ বা উগ্রবাদ ছড়ানো ধর্মের প্রকৃত আদর্শের পরিপন্থী।
জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাহাড়, সমতল, ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশের কোথাও বিভাজনের রাজনীতি স্থান পেতে পারে না। প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রধর্ম বা ধর্মীয় মূল্যবোধের অপব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা মানবতা ও সৃষ্টিকর্তার আদর্শের পরিপন্থী। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি সমান শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য প্রদর্শন করবেন-এটাই বাংলাদেশের ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল চন্দ্র মুখার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা এবং বরিশাল জেলা শাখার সভাপতি শ্রী মানিক মুখার্জী কুডু। সম্মেলনে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪১:৪৪ ● ৩৪ বার পঠিত
