রবিবার ● ২৬ জুলাই ২০২৬
বরগুনায় প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
হোম » লিড নিউজ » বরগুনায় প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় পরকীয়ার জেরে মালয়েশিয়াপ্রবাসী আফাং শিকদার (৪০) নামের এক ব্যক্তিকে বিষপানে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের স্ত্রী রাবেয়া বেগম (৩৮), মেয়ে আতিকা ও শাশুড়ি রাশেদা বেগম। মামলার অপর আসামিরা হলেন রাবেয়ার কথিত পরকীয়া প্রেমিক হাসান এবং তাঁর মা-বাবা। গ্রেপ্তার তিনজনকে রবিবার (২৬ জুলাই) দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জানের আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ঘটনাটি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলী গ্রামের।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আফাং শিকদারের বড় ভাই দুলাল শিকদার শনিবার রাতে বরগুনা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়, আফাং শিকদার প্রায় ১৫ বছর মালয়েশিয়ায় ছিলেন। বিদেশে থেকে তিনি স্ত্রী রাবেয়া বেগমের নামে জমি কেনার জন্য টাকা পাঠাতেন। বরগুনা শহরে কিছু জমি কেনা হলেও পরে স্ত্রী রাবেয়া প্রতিবেশী ও আত্মীয় হাসানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।
এজাহার অনুযায়ী, আফাং শিকদার দেশে ফিরে স্ত্রীকে পাঠানো টাকার হিসাব চাইলে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ১৯ জুলাই রাতে বরগুনা পৌরসভার আমতলা এলাকার একটি ভাড়া বাসায় আসামিরা তাঁকে মারধর করেন এবং গুরুতর আহত অবস্থায় জোর করে বিষপান করান বলে অভিযোগ করা হয়েছে।
অসুস্থ অবস্থায় আফাং শিকদারকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
শনিবার বিকেলে মরদেহ নিয়ে স্বজনেরা চালিতাতলী গ্রামে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে থাকা নিহতের স্ত্রী রাবেয়া, মেয়ে আতিকা ও শাশুড়ি রাশেদাকে স্থানীয় লোকজন আটক করেন। পরে বরগুনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে মরদেহ রেখে মানববন্ধন করা হয়। প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের পর বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. অলি উল্লাহ ও পুলিশ হত্যা মামলা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
মামলার বাদী দুলাল শিকদার বলেন, পুলিশ রবিবার হত্যা মামলা নিয়ে তাঁর ভাইয়ের স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। মামলার প্রধান আসামি হাসান পলাতক রয়েছেন। তাঁর অভিযোগ, হাসান দীর্ঘদিন ধরে তাঁর ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন এবং তাঁর ভাইয়ের টাকা আত্মসাৎ করেছেন। আসামিরা মারধরের পর আফাং শিকদারকে জোর করে বিষপান করিয়ে হত্যা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ অন্যান্য আলামতের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।
বাংলাদেশ সময়: ২৩:২১:৪৯ ● ২০ বার পঠিত
