শনিবার ● ২৫ জুলাই ২০২৬
জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ
হোম » বরগুনা » জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনায় জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছর বয়সী শ্রবণপ্রতিবন্ধী মা আনোয়ারা বেগমকে ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে হেলাল হাওলাদার ও তার স্ত্রী ফাতেমা বেগমের বিরুদ্ধে। প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে ঘরে ওঠার জন্য অনুনয়-বিনয় করেও ছেলের মন গলাতে পারেননি বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধা।
শনিবার দুপুরে আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোচা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, লোচা গ্রামের আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা যান। এরপর তার স্ত্রী আনোয়ারা বেগম পাঁচ ছেলেকে কষ্ট করে বড় করেন। প্রায় তিন বছর আগে তিনি নিজের জমিজমা পাঁচ ছেলের নামে লিখে দেন। বিনিময়ে ছেলেরা পর্যায়ক্রমে তার ভরণ-পোষণের দায়িত্ব নেন।
সম্প্রতি হেলাল হাওলাদার তার বাসার সামনের কিছু জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য মাকে অনুরোধ করেন। এতে রাজি না হওয়ায় শনিবার সকালে আনোয়ারা বেগম ছেলের বাড়িতে গেলে তাকে ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে ঘরে ওঠার জন্য অনুনয়-বিনয় করলেও তাকে ঘরে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বৃদ্ধা। খবর পেয়ে ভাতিজা আবু সালেহ মুছা তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
আবু সালেহ মুছা বলেন, ‘আমার ফুফু পাঁচ ছেলেকে জমি লিখে দিয়েছেন। আরও কিছু জমি আছে, সেটিও হেলাল নিজের নামে লিখে দিতে বলেছিল। ফুফু রাজি না হওয়ায় হেলাল তাকে ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে।’
আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পোলা আর বউ মোরে ধাক্কা দিয়া ঘর থেইকা নামাইয়া দেছে। মুই বৃষ্টিতে ভিজ্যা কান্নাকাটি করছি। হ্যারপরও মোরে ঘরে উডায় নাই। মুই এর বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করে হেলাল হাওলাদার বলেন, ‘পথের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ কারণে আমার অন্য চার ভাই ও মামারা মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, ‘মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ২০:২২:৩৬ ● ২১ বার পঠিত
