শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬

রাজহাঁস চুরির দায়ে যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে মুক্তি

হোম » ভোলা » রাজহাঁস চুরির দায়ে যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে মুক্তি
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


 

হাঁস চুরির দায়ে আটক যুবককে ১০০ রাকাত নামাজ পড়িয়ে মুক্তি

সাগরকন্যা প্রতিবেদক, লালমোহন (ভোলা)

 

ভোলার লালমোহনে দুটি রাজহাঁস চুরির অভিযোগে মো. নাজিম নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তওবা করানোর পর স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অভিনব এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক নাজিম লালমোহন পৌরসভার পাকার মাথা এলাকার বুলু হাওলাদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চুরির ঘটনা বেড়েছে। রাতের অন্ধকারে হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল একটি চক্র। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ এলাকার আরিন্দা বাড়ির বাসিন্দা মো. এমরান হোসেন রাকিবের দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা নাজিমকে দেখতে পান। পরে ধাওয়া করে হাঁস দুটিসহ তাকে আটক করা হয়।

 

এ সময় নাজিম ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলে অঙ্গীকার করেন। পরে স্থানীয়রা তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর সিদ্ধান্ত নেন। নামাজ পড়ানো ও তওবা করানোর পর তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

 

রাজহাঁসের মালিক এমরান হোসেন রাকিব বলেন, ‘রাজহাঁস দুটি আমার ও পরিবারের অনেক শখের ছিল। হাঁসের ঘর থেকে কৌশলে হাঁস দুটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি হাঁস দুটি আমার। চুরির দায়ে তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে রাতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমাদের চারটি ফোর্স কাজ করছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

বাংলাদেশ সময়: ১৮:৪৯:০১ ● ১৬ বার পঠিত