শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
মনপুরায় লোকালয় থেকে ২৫ কেজির চিত্রা হরিণ উদ্ধার
হোম » ভোলা » মনপুরায় লোকালয় থেকে ২৫ কেজির চিত্রা হরিণ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরা উপজেলায় লোকালয় থেকে প্রায় ২৫ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামের বাতানখালি এলাকা থেকে স্থানীয়দের কাছ থেকে হরিণটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লোকালয়ে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেও হরিণটি বনের দিকে না যাওয়ায় স্থানীয়রা সেটিকে আটক করে বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় হরিণটি উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন ধরে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে ভেসে হরিণটি লোকালয়ে চলে আসে।
মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, ‘খবর পাওয়ার পরপরই হরিণটি উদ্ধারের জন্য পচাকোড়ালিয়া বিটের সদস্যরা ঘটনাস্থলে যান।’
মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, ‘এটি একটি প্রাপ্তবয়স্ক হরিণী। উদ্ধারের পর পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি সুস্থ রয়েছে। বিকেলেই মনপুরার চরপাতালিয়া সংরক্ষিত বনে হরিণটিকে অবমুক্ত করা হবে।’
বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫৪ ● ২৯ বার পঠিত
