বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
শরণখোলায় বেসরকারি হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার
হোম » খুলনা » শরণখোলায় বেসরকারি হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের কক্ষ থেকে হাসিনা খানম (৩৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তিনি রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাসিনা খানম। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।
ডা. অন্তরা দাস জানান, হাসপাতালে আনার আগেই হাসিনা খানমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪০ ● ২৫ বার পঠিত
