বুধবার ● ২২ জুলাই ২০২৬
বাবুগঞ্জে ব্রিজের ঢালে পড়ে ছিল নারীর মরদেহ, পরিচয় শনাক্তে তদন্ত
হোম » বরিশাল » বাবুগঞ্জে ব্রিজের ঢালে পড়ে ছিল নারীর মরদেহ, পরিচয় শনাক্তে তদন্ত

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জে বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। স্থানীয়দের ভাষ্য, গত কয়েকদিন ধরে ওই নারীকে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক দিয়ে চলাচলকারী কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই নারী আহত হয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে গিয়ে মারা যেতে পারেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।
বাংলাদেশ সময়: ১৫:১২:০২ ● ৩৮ বার পঠিত
