মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬

গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রম উদ্বোধন

হোম » পটুয়াখালী » গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রম উদ্বোধন
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রম উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

‘এক দেশ, এক কিউআর লেনদেন- বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার উদ্যোগে ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পৌর মঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. রাকিবুল হাসান ও কর্মকর্তা মো. মহিবুল্লাহ মোড়ল। এছাড়া জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মহিবুল্লাহ এনিম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, তাপস কুন্ডু, সাংবাদিক রিয়াদ হোসাইনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

 

পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, ‘বাংলা কিউআর দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করবে। একটি কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশে ৬৭টি ব্যাংকের জন্য আলাদা আলাদা অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই। একটি কিউআর ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের গ্রাহকেরা লেনদেন করতে পারবেন।’

 

তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। পূবালী ব্যাংক সব সময় আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে এগিয়ে আসতে হবে। তাহলেই ডিজিটাল অর্থনীতির সুফল সবাই ভোগ করতে পারবেন।’

 

এ সময় তিনি কোনো টাকা জমা না দিয়েই পূবালী ব্যাংকে হিসাব খোলার এবং বিনা মূল্যে বাংলা কিউআর ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫৬ ● ৩০ বার পঠিত