মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, ডিভিআর জব্দ
হোম » বরিশাল » গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, ডিভিআর জব্দ
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মাদককারবারে ব্যবহৃত একটি সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার তিখাসার, টরকী চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার-সংলগ্ন গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদককারবারে জড়িত ব্যক্তিদের বাসা ও বিক্রয়স্থলে অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তি পালিয়ে গেলেও তার কার্যক্রমে ব্যবহৃত একটি সিসি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, ডিভিআর থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত দণ্ড ভোগ করতে হবে।
অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. সাব্বির হোসেন এবং গৌরনদী সার্কেলের সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪:২৫:২২ ● ২২৯ বার পঠিত
