সোমবার ● ২০ জুলাই ২০২৬
কুয়াকাটা সংলগ্ন সাগরে জেলের জালে ২০ কেজির সামুদ্রিক শোল, বিক্রি ১৪ হাজার টাকায়
হোম » কুয়াকাটা » কুয়াকাটা সংলগ্ন সাগরে জেলের জালে ২০ কেজির সামুদ্রিক শোল, বিক্রি ১৪ হাজার টাকায়![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ ধরা পড়েছে। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। পরে মাছটি ৭০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে মাছটি মহিপুর থানার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিস আড়তে বিক্রির জন্য আনা হলে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে। পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ যৌথভাবে মাছটি কিনে নেন।
ট্রলারের মাঝি রুহুল আমিন বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা প্রায় নয় দিন গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ জালে উঠে আসে বিশাল আকৃতির সামুদ্রিক শোলটি। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তিনি ও ট্রলারের অন্য জেলেরা আনন্দিত।
ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ জানান, বাজারে সচরাচর এত বড় সামুদ্রিক শোল মাছ পাওয়া যায় না। তাই বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, নিজেদের খাওয়ার জন্যই তারা মাছটি কিনে সমান ভাগে ভাগ করে নিয়েছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল মূলত গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। সাগরের পরিবেশ অনুকূলে থাকলে এবং পর্যাপ্ত খাদ্য পেলে এ মাছ আকারে বেশ বড় হতে পারে। নিয়মিত এমন বড় মাছ ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন, যা সামগ্রিক মৎস্য অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৯ ● ৪৩ বার পঠিত
