রবিবার ● ১৯ জুলাই ২০২৬

পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
রবিবার ● ১৯ জুলাই ২০২৬


পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

 

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া (৩০) হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী এবং চর জৈনকাঠী ইউনিয়নের বাসিন্দারা। রবিবার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। তাদের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

নিহতের বাবা ও মামলার বাদী অলি মুন্সী বলেন, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে নির্যাতন করা হয়েছে। ঘটনার আগের রাতেও সে নির্যাতনের কথা স্বজনদের জানিয়েছিল। সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আমি বিশ্বাস করি, আমার মেয়েকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অলি মুন্সী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মো. কামাল খান (৪২), তার দুই মেয়ে মোসা. লিজা খান (২২) ও মোসা. লিমা খান (২০), কামাল খানের মা মোসা. আম্বিয়া (৬২) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

 

এজাহারে অভিযোগ করা হয়েছে, যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবি করে দীর্ঘদিন তানিয়ার ওপর নির্যাতন চালানো হয়। গত ১৪ জুলাই রাতে নির্যাতনের একপর্যায়ে তাকে হত্যা করে পরদিন বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়।

 

বক্তারা আরও বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোনো প্রভাবশালী মহল যাতে তদন্তে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

 

পটুয়াখালী সদর থানার পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ এবং ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি দেন। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২০ ● ৩৯ বার পঠিত