শনিবার ● ১৮ জুলাই ২০২৬
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ সশস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ
হোম » পটুয়াখালী » গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ সশস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা জোরদারে ৭ জন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। গত ১ জুলাই থেকে তারা আনুষ্ঠানিকভাবে হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের দাবি ছিল। এরই ধারাবাহিকতায় আনসার সদস্য মোতায়েনের ফলে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি হয়েছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, সশস্ত্র আনসার সদস্যরা দায়িত্ব নেওয়ায় চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি হয়েছে। এতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা আরও নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে পারছেন। পাশাপাশি রোগীরাও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে চিকিৎসাসেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গলাচিপা-দশমিনা আসনের দায়িত্বপ্রাপ্তদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আনসার সদস্যরা হাসপাতালের প্রধান প্রবেশপথ, জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। তাদের উপস্থিতিতে চিকিৎসাসেবা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫:৩০:২৭ ● ২৪ বার পঠিত
