ফের আমতলীর ইসমাইল শাহ মাজারে আগুন

হোম » বরগুনা » ফের আমতলীর ইসমাইল শাহ মাজারে আগুন
শনিবার ● ১৮ জুলাই ২০২৬


 

আমতলী: আগুনে ক্ষতিগ্রস্ত ইসমাইল শাহ মাজারের গিলাফের একাংশ। শনিবার দুপুরে তোলা ছবি।

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে এক বছর চার মাস পর আবারও ইসমাইল শাহ মাজারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মাজারে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে। এ ঘটনায় মাজারের ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

মাজারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল অভিযোগ করে বলেন, মাজার ধ্বংসের উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ মাজার স্থাপন করা হয়। এরপর থেকে প্রতিবছর দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছরের ১৬ মার্চ ২৮তম ওরশ চলাকালে একটি গোষ্ঠীর শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় অন্তত ২০ জন আহত হন।

 

ওই ঘটনার এক বছর চার মাস পর শুক্রবার রাতে ফের মাজার এবং ইসমাইল শাহর ছেলে শহীদ চিশতির বসবাসরত ঘরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে যায়।

 

শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মাজারের গিলাফের একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাজারের মেঝে ও শহীদ চিশতির ঘরের আশপাশে কেরোসিনের গন্ধ ও দাগ রয়েছে।

 

মাজারের ভক্ত সেকান্দার বয়াতি বলেন, রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে তিনি মাজারে আগুন জ্বলতে দেখেন। পরে ডাকাডাকি করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

শহীদ চিশতি বলেন, মানুষের ডাকাডাকিতে ঘুম ভাঙার পর তিনি কেরোসিনের গন্ধ পান। ঘর থেকে বের হতে গিয়ে দরজা খুলতে না পেরে আটকে পড়েন। পরে স্থানীয়রা এসে দরজা খুলে তাকে বের করেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।

 

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, গত বছরের হামলার পর আবারও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে না এলে মাজার ও বসতঘর বড় ধরনের ক্ষতির শিকার হতে পারত।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:১৯:০৫ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ