শনিবার ● ১৮ জুলাই ২০২৬
ডেন্টাল সার্জন আছেন, নেই যন্ত্রপাতি; গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না পূর্ণাঙ্গ দন্তসেবা
হোম » সর্বশেষ » ডেন্টাল সার্জন আছেন, নেই যন্ত্রপাতি; গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না পূর্ণাঙ্গ দন্তসেবা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
দুইজন ডেন্টাল সার্জন থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আধুনিক সুবিধার অভাবে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। দাঁত তোলা ও প্রাথমিক চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কার্যক্রম। দীর্ঘদিন ধরে ডেন্টাল ইউনিটের বিভিন্ন যন্ত্রপাতি অচল থাকায় সরকারি এ হাসপাতালে জটিল দন্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মানুষ।
সরেজমিনে দেখা যায়, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে ডেন্টাল সার্জন ও সহকারী ডেন্টাল সার্জনের পদ থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি ল্যাবরেটরি টেকনোলজিস্ট (ডেন্টাল) পদটিও বর্তমানে শূন্য রয়েছে। চিকিৎসকরা উপস্থিত থাকলেও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের দক্ষতা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডেন্টাল ট্রিটমেন্ট ইউনিট কার্যত অচল অবস্থায় রয়েছে। ডেন্টাল এক্স-রে (আইওপিএ), স্কেলিং মেশিন, রুট ক্যানেল চিকিৎসার সরঞ্জাম, আধুনিক ডেন্টাল চেয়ারসহ প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতির সংকট রয়েছে। ফলে স্থায়ী ফিলিং, স্কেলিং, রুট ক্যানেলসহ বিভিন্ন উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
দন্ত চিকিৎসা নিতে আসা গলাচিপা পৌর এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম মুন্না বলেন, ‘দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারিনি। ডেন্টাল চেয়ার নষ্ট থাকায় ওয়াশ করানোও সম্ভব হয়নি।’
তিনি অভিযোগ করেন, ‘দন্ত ইউনিটের পরিবেশও আরও পরিচ্ছন্ন ও উন্নত করা প্রয়োজন। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ।’
গলাচিপা পৌর এলাকার বাসিন্দা নিতাই সাহা বলেন, ‘সরকারি স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে হলে উপজেলা পর্যায়ের দন্ত বিভাগগুলো আধুনিক করা জরুরি। নষ্ট যন্ত্রপাতি দ্রুত মেরামত ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা দরকার।’
এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা. সাবিকুননাহার লিজা বলেন, ‘এখানে বর্তমানে দাঁত তোলা ছাড়া অন্য কোনো চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। ডেন্টাল চেয়ারসহ বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কিছু যন্ত্রপাতি মেরামত করা হলেও তা আবার দ্রুত নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় অনেক সরঞ্জাম এখন মেরামতের অনুপযোগী হয়ে পড়েছে।’
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে অস্থায়ী ফিলিংয়ের কিছু উপকরণ থাকলেও স্থায়ী ফিলিংয়ের প্রয়োজনীয় সামগ্রী নেই। রুট ক্যানেল চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধও নেই।’
তিনি বলেন, ‘রোগীদের চাহিদা থাকলেও সরঞ্জামের অভাবে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।’
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন বলেন, ‘এখানে বর্তমানে প্রাথমিক দন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জটিল চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই।’
তিনি আরও বলেন, ‘ডেন্টাল এক্স-রে মেশিন, সাকার মেশিনসহ আরও কিছু আধুনিক সরঞ্জাম প্রয়োজন। দুটি পদে চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় উপকরণের অভাবে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’
বাংলাদেশ সময়: ১৩:০৪:৩৯ ● ২১ বার পঠিত
