গৌরনদীতে সাবেক কাউন্সিলরকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

হোম » বরিশাল » গৌরনদীতে সাবেক কাউন্সিলরকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
শনিবার ● ১৮ জুলাই ২০২৬


 

গৌরনদীতে সাবেক কাউন্সিলরকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন লিটন বেপারীর দাবি, তিনি সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকানে বসে ছিলেন। এ সময় যুবদল ও ছাত্রদলের ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাকে কৌশলে দোকান থেকে বাইরে নিয়ে গিয়ে মারধর করেন। আহত কাউন্সিলরের ভাষ্য, তিনি আওয়ামী লীগের সমর্থক হওয়া সত্ত্বেও কেন এখনও গৌরনদীতে অবস্থান করছেন- এমন মন্তব্য করে হামলাকারিরা তাকে বেধড়ক মারধর করেছে।

 

তবে হামলার ঘটনায় ছাত্রদল বা যুবদলের কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেছেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা। তিনি বলেন, কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে তাদের কোনো তথ্য নেই। তার প্রাথমিক ধারণা, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

 

এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না বা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫১:১২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ