বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
গৌরনদীতে প্রস্তাবিত ইকোপার্ক নির্মাণের উদ্যোগে ২০০ শিমুল গাছ রোপণ
হোম » বরিশাল » গৌরনদীতে প্রস্তাবিত ইকোপার্ক নির্মাণের উদ্যোগে ২০০ শিমুল গাছ রোপণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল-বোরাদী মৌজায় উদ্ধার হওয়া নদীসংলগ্ন প্রায় ১৫ একর সরকারি জমিতে প্রস্তাবিত ইকোপার্ক নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সহযোগিতায় প্রস্তাবিত ইকোপার্কের নির্ধারিত স্থানে প্রবেশ সড়কের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণ ও এলাকার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সেখানে প্রায় ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, প্রস্তাবিত ইকোপার্ক বাস্তবায়িত হলে গৌরনদী উপজেলার মানুষের দীর্ঘদিনের একটি মানসম্মত বিনোদনকেন্দ্রের চাহিদা পূরণ হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও পর্যটনের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সরকারি জমি জনগণের সম্পদ। ভবিষ্যতে যাতে কোনো ভূমিদস্যু এ জমি দখল করতে না পারে, সে বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান, নির্মাণাধীন প্রবেশপথের কাজ শেষ হলে দর্শনার্থীরা সরাসরি যানবাহন নিয়ে নির্ধারিত স্থানে যেতে পারবেন। তবে প্রস্তাবিত ইকোপার্ক নির্মাণ প্রকল্পটি সরকারি অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
বাংলাদেশ সময়: ২২:০১:১৪ ● ২৯ বার পঠিত
