উপকূলে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, ঘাটে ফিরেছে হাজারো মাছধরা ট্রলার

হোম » আবহাওয়া » উপকূলে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, ঘাটে ফিরেছে হাজারো মাছধরা ট্রলার
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


 

উপকূলে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, ঘাটে ফিরেছে হাজারো মাছধরা ট্রলার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় এবং ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় হাজারো মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।

 

পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের গতিবেগও বেড়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

 

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সিখি জানান, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৈরী আবহাওয়ার কারণে বুধবার বিকেল থেকে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুরের খাপড়াভাঙ্গা নদীর পোতাশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অধিকাংশ ট্রলার সাগরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৩০ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ