
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দরের মালিকানাধীন একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের একটি সিগারেট তৈরির মেশিন উদ্ধার করেছে পুলিশ। আদালতের জারি করা তল্লাশি পরোয়ানার ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে কারখানার তালা ভেঙে মেশিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মোরেলগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দরের মালিকানাধীন ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজ থেকে মেশিনটি উদ্ধার করা হয়েছে।
এর আগে গ্রিন টোব্যাকো লিমিটেডের মালিক ও বিএনপি নেতা সোমনাথ দে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন, তাঁর প্রতিষ্ঠানের দেড় কোটি টাকা মূল্যের সিগারেট তৈরির একটি মেশিন চুরি হয়েছে। অভিযোগের পর আদালত তল্লাশি পরোয়ানা জারি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।
সোমনাথ দে দাবি করেন, জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁর ব্যবসায়িক অংশীদার বদরুল আলম ভদ্দর গ্রিন টোব্যাকো থেকে মেশিনটি সরিয়ে মোরেলগঞ্জের সানকিভাঙ্গা এলাকায় অবস্থিত নিজের কারখানায় স্থাপন করেন। প্রায় দুই বছর পর কারখানার শ্রমিকদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি আদালতের শরণাপন্ন হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, সানকিভাঙ্গা গ্রামে অভিযানে গিয়ে অভিযোগকারী সোমনাথ দে মেশিনটি শনাক্ত করেন। পরে সেটি উদ্ধার করে পুলিশের মাধ্যমে আদালতের হেফাজতে পাঠানো হয়েছে।
এদিকে, নকল ডার্বি ব্র্যান্ডের সিগারেট উৎপাদনের অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কর্তৃক দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।