বুধবার ● ১৫ জুলাই ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

হোম » পিরোজপুর » অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

 

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পল্লী বিদ্যুৎ সমিতির দুই মিটার রিডারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিল সংশোধনের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

অবরুদ্ধ দুই মিটার রিডার হলেন মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের জাহাঙ্গীর হোসেন (৫০) ও সাব্বির হোসেন (৩০)।

 

ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল অভিযোগ করেন, গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহার ছিল ৮৫ ইউনিট। চলতি মাসে তার মিটারের প্রকৃত রিডিং ছিল ১ হাজার ৫৮০ ইউনিট। কিন্তু বিল তৈরির সময় ১ হাজার ৬৬০ ইউনিট হিসেবে দেখানো হয়। এতে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল যুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, ভুল মিটার রিডিংয়ের কারণে এলাকাবাসী প্রায়ই অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রাহকেরা দীর্ঘদিন ধরে ভুল রিডিং ও অতিরিক্ত বিলের অভিযোগ তুলে বিক্ষোভ জানান। তারা এ ধরনের অনিয়মের অবসান এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

 

এ বিষয়ে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আমিনুল ইসলাম সুমন বলেন, মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায় গত মাসে তার ছেলে অস্থায়ীভাবে মিটার রিডিং সংগ্রহ করেছিলেন। সে সময় অনিচ্ছাকৃতভাবে একটি ভুল হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং দ্রুত বিল সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি গ্রাহকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪২ ● ৯ বার পঠিত