গৌরনদীতে ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

হোম » বরিশাল » গৌরনদীতে ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

গৌরনদীতে ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য হেলেনা আক্তারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির প্রধান ফটক ও বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

 

ইউপি সদস্য হেলেনা আক্তার জানান, ঘটনার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল শহরের বাসায় অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা, প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে।

 

তিনি আরও জানান, বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির ফটক ভাঙা দেখতে পেয়ে তাঁকে খবর দেন। পরে তিনি বাড়িতে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন এবং গৌরনদী মডেল থানায় বিষয়টি জানান।

 

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৯ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ