বৃষ্টি উপেক্ষা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হোম » পিরোজপুর » বৃষ্টি উপেক্ষা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে সিও অফিস গোলচত্বর এলাকায় যানজটের সৃষ্টি হয়।

 

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে টাউন ক্লাব সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি সরকারি সোহরাওয়ার্দী কলেজ এলাকা, টাউন ক্লাব রোড ও হাসপাতাল রোড প্রদক্ষিণ করে সিও অফিস গোলচত্বরে গিয়ে সমাবেশ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও তারা অবস্থান ও বিক্ষোভ অব্যাহত রাখেন।

 

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নীতিগত ব্যর্থতার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। সাম্প্রতিক ঘটনাবলীর দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

 

তাদের ভাষ্য, এটি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি নয়; শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবিতেই তারা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন। দাবি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৮:২৪:১৮ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ