
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগী উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজ করা, সেবা কার্যক্রমের গতি বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের তৎপরতা জোরদারের লক্ষ্যে ৬০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের ৩ জন নারী ও ৫৭ জন পুরুষ গ্রাম পুলিশ সদস্যের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বিবিচিনি, বেতাগী সদর, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা বাইসাইকেল পান।
অনুষ্ঠানে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘গ্রামীণ অপরাধ দমন, তাৎক্ষণিক সাড়া দেওয়া এবং জনগণের কাছে দ্রুত পৌঁছানোর জন্য গ্রাম পুলিশদের গতিশীলতা অত্যন্ত জরুরি। সাইকেল তাদের কাজে গতি, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধি করবে- এটাই আমাদের প্রত্যাশা।’
বাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা। মোকামিয়া ইউনিয়নের নারী গ্রাম পুলিশ সদস্য সুরভী আক্তার বলেন, ‘আগে দীর্ঘ দূরত্ব টহল দিতে কষ্ট হতো। অনেক সময় জরুরি খবর পেলেও দ্রুত পৌঁছানো যেত না। এখন সাইকেল থাকায় অল্প সময়েই পুরো এলাকা কভার করতে পারব।’
বেতাগী সদর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য হাফিজুর রহমান বলেন, ‘রাতে পাহারা বা হঠাৎ ডাক এলে হেঁটে যেতে অনেক সময় লাগত। সাইকেল আমাদের দায়িত্ব পালনে বড় সহায়তা করবে।’
বিবিচিনি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ফিরোজ আলম মন্টু বলেন, ‘গ্রাম পুলিশের কার্যক্রম শক্তিশালী হলে স্থানীয় প্রশাসনের কাজও আরও কার্যকর হয়। এই সহায়তা দায়িত্ব পালনে আমাদের সক্ষমতা বাড়াবে।’
বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন বলেন, ‘অনেক সময় গ্রাম পুলিশের দ্রুত উপস্থিতি জীবন রক্ষা, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাইসাইকেল তাদের সেই সক্ষমতা আরও বাড়িয়ে দেবে।’