বুধবার ● ১৫ জুলাই ২০২৬
বরগুনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলার শীর্ষে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
হোম » শিক্ষা » বরগুনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলার শীর্ষে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বরগুনা জেলার শীর্ষস্থান অর্জন করেছে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল এবং ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়। এর মধ্যে ৩৫৩ জন পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে ৯৪ জন বৃত্তি লাভ করে। এর মধ্যে ২৮ জন ট্যালেন্টপুল এবং ৬৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া উপজেলার ১০ জন কেজি স্কুলের পরীক্ষার্থীর মধ্যে একজন ট্যালেন্টপুল এবং একজন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও ধারাবাহিক ফলাফলের জন্য উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। এবারও জেলার সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সেই সুনাম অক্ষুণ্ন রেখেছে।
বিদ্যালয়টির ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- তাইয়েবা তাবাসসুম মৌশি, তাসফিয়া জাহান সামিরা, মরিয়ম আক্তার তাহা, জুনাইরা আক্তার, আরাধ্যা কর্মকার, তাসনিয়া তাহিয়া, মাইশা তাবাসসুম মুন, জুঁই বিশ্বাস, নিয়ামা আমিন, মুনের শাহরিয়ার মাহির, মো. আশিকুর রহমান, এইচ. এম. আজমীর হোসেন, দেবজীত গুহ, সৈকত হোসেন শুভ, তাফিম সিকদার ও মুনতাসীর আজমাইন মাহি।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মো. আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মাহিন, সোয়েবা তাসনিম, মেহেরুন নেছা আতিকা, তহুরা রাফিয়া, তাইয়্যেবা মণি, নবনীতা শীল, তাসনিন জাহান, পূজা দাস, নাজিহা নাজমিন, কথামালা, ফারিয়া ইসলাম, সাইফা ইসলাম তানহা, ইসরাত জাহান মাঈশা এবং হাফসা আক্তার।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসফিয়া জাহান সামিরার ভাষ্য, ‘বৃত্তির এই সম্মান ভবিষ্যতে আরও ভালো করার এবং বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে। এটি আমাকে পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহ দেবে।’
একই বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া জমজ ভাই-বোন মাইশা তাবাসসুম মুন ও মুনের শাহরিয়ার মাহির এর ভাষ্য, ‘ফলাফল শুনে আমরা খুব আনন্দিত। বৃত্তি পাওয়ার পর পড়াশোনার প্রতি আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গেছে।’
বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দীন বলেন, বিদ্যালয়ের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমীন আক্তার বলেন, ‘বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই আজ আমাদের প্রতিষ্ঠান উপজেলা ছাড়িয়ে বরগুনা জেলার সেরা বিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছে।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি বলেন, নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও বিদ্যালয়টি উপজেলা ও জেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছে।
বাংলাদেশ সময়: ১৭:০১:২৮ ● ২৮ বার পঠিত
