রাবনাবাদ নদীতে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ মিলল কুয়াকাটায়

হোম » জেলে-মৎস্য » রাবনাবাদ নদীতে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ মিলল কুয়াকাটায়
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

রাবনাবাদ নদীতে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ মিলল কুয়াকাটায়

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালীর রাবনাবাদ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে রুবেল হাওলাদারের (২৮) মরদেহ দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন চর গঙ্গামতি এলাকা থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হলে স্বজনরা সেটি শনাক্ত করেন।

 

নিহত রুবেল হাওলাদার জেলার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

 

জানা গেছে, গত সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ নদীতে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে রুবেল হাওলাদার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এ সময় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর কোস্টগার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিলেন।

 

বুধবার দুপুরে কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন চর গঙ্গামতি এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা মরদেহটি রুবেল হাওলাদারের বলে শনাক্ত করেন।

 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, চর গঙ্গামতি এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা সেটি রুবেল হাওলাদারের মরদেহ হিসেবে শনাক্ত করেছেন। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩০ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ