
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পিরোজপুরের নেছারাবাদে বিশেষ মহড়া পরিচালনা করেছে পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়ার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়ের নেতৃত্বে মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
মহড়া শেষে সহকারী পুলিশ সুপার প্রণয় রায় পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন।
পুলিশ সূত্র জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নেছারাবাদ সার্কেলে নিয়মিত অভিযান, টহল ও বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সহকারী পুলিশ সুপার প্রণয় রায় বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকমুক্ত নেছারাবাদ গড়তে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের মহড়া ও অভিযান পরিচালিত হলে মাদক কারবার নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।