মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
কলাপাড়ায় ১ হাজার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
হোম » জেলে-মৎস্য » কলাপাড়ায় ১ হাজার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১ হাজার পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে প্রেসক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী–এর স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
কলাপাড়া উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জালের ব্যবহার, বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে।
অভিযান পরিচালনাকারী কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, অভিযানের সময় জব্দ করা ১ হাজার পিস নিষিদ্ধ জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০:১০:০৪ ● ১৪ বার পঠিত
