মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬

কলাপাড়ায় ‘প্রাণ সংহতি’ সম্মাননা পেলেন এসিল্যান্ড ইয়াসীন সাদেক

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ‘প্রাণ সংহতি’ সম্মাননা পেলেন এসিল্যান্ড ইয়াসীন সাদেক
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

কলাপাড়ায় ‘প্রাণ সংহতি’ সম্মাননা পেলেন এসিল্যান্ড ইয়াসীন সাদেক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

মালিকানাবিহীন কুকুর-বিড়াল এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও বন্যপ্রাণী-সংক্রান্ত অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা ভূমি অফিসে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে ইয়াসীন সাদেকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, মাসুদ হাসান, কাউছারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ‘ইয়াসীন সাদেক কলাপাড়ায় যোগদানের পর থেকেই বন্যপ্রাণী সংরক্ষণে আন্তরিক ভূমিকা রেখে আসছেন। বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কার্যক্রমে তিনি সবসময় আমাদের সহযোগিতা করেছেন। তার এ অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

 

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘ছোটবেলা থেকেই পশুপাখি ও গাছপালার প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। তবে এই স্বীকৃতির কৃতিত্ব আমি অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের উৎসর্গ করছি। তারাই আমাকে অনুপ্রাণিত করেছেন। এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় আমরা একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। ইতোমধ্যে কলাপাড়ায় ১৬টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে একটি অ্যানিমেল শেড নির্মাণ করা হয়েছে। এছাড়া কুয়াকাটায় একটি অ্যানিমেল মিউজিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৮:২১:০৫ ● ১৮ বার পঠিত