মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল বাসার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তিনি মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের মো. আবদুল রহিমের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, আবুল বাসার কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী এবং আসন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং দল দক্ষিণ গাবুয়া গ্রামে অভিযান চালায়।

 

রাত পৌনে ৮টার দিকে আবুল বাসারের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি লাইটারযুক্ত সিগারেট হোল্ডারের ভেতরে পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ২ দশমিক ৫ গ্রাম। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে দাবি করা একটি vivo Y21 অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে রাত ৮টার দিকে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ বলেন, ‘কার মধ্যে কী আছে, সেটা বাইরে থেকে বোঝা যায় না। তবে এ ধরনের অপকর্ম ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড ছাত্রদল কখনো প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। তিনি কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন এবং জমাও দিয়েছিলেন।’

 

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি নিজের হেফাজতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ করেছিলেন। মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।’

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৪:১০:১২ ● ২২ বার পঠিত