সোমবার ● ১৩ জুলাই ২০২৬
নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
হোম » খুলনা » নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে নকল ডারবি সিগারেট তৈরির মামলার প্রধান আসামি, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ওরফে ভদ্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বাগেরহাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বদরুল আলম ভদ্দর উপজেলার সানকিভাঙ্গা গ্রামের সুন্দর আলী খানের ছেলে। তিনি স্থানীয় ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক।
পুলিশ জানায়, গত ১৪ জুন সানকিভাঙ্গা এলাকায় ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের পাশে বস্তাবন্দি অবস্থায় ১ লাখ ৪৩ হাজার নকল ডারবি সিগারেট এবং সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
এ ঘটনায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের লিগ্যাল অফিসার মর্তুজা রেজা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মোরেলগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বদরুল আলম ভদ্দর, তার প্রতিষ্ঠানের ম্যানেজার মনির বয়াতি ও মজিবর শেখকে আসামি করা হয়। মামলার পর থেকে কারখানায় তালা ঝুলিয়ে তারা আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বিশেষ প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি বদরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২৩:২৭:০০ ● ৩০ বার পঠিত
