কলাপাড়ায় মসজিদের পাটাতন ধসে সড়কে নামাজ, সংস্কারের উদ্যোগ যুবদল নেতার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মসজিদের পাটাতন ধসে সড়কে নামাজ, সংস্কারের উদ্যোগ যুবদল নেতার
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


 

কলাপাড়ায় মসজিদের পাটাতন ধসে সড়কে নামাজ, সংস্কারের উদ্যোগ যুবদল নেতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য রজপাড়া এলাকায় বাইতুল মামুর জামে মসজিদের পাটাতন ধসে পড়ায় মুসুল্লিরা সড়কের ওপর নামাজ আদায় করতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার না হলে বর্ষাকালে নামাজ আদায় আরও দুর্ভোগের হয়ে উঠবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিজস্ব অর্থায়নে মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টিয়াখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সুমন গাজী।

 

স্থানীয় মুসুল্লি মো. ইসমাইল আকন ও জহিরুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে এলাকাবাসীর উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়। গত শুক্রবার (১০ জুলাই) আসরের নামাজের পর হঠাৎ পাটাতন ভেঙে কয়েকজন মুসুল্লিসহ নিচের পানিতে পড়ে যায়। এতে মসজিদটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আশপাশে অন্য কোনো মসজিদ না থাকায় বর্তমানে সড়কের ওপর জামাতে নামাজ আদায় করছেন তারা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

 

বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান এবং মসজিদ কমিটির সহ-সভাপতি মবিরুল ইসলাম বলেন, নিচে পানি থাকায় কাঠের পাটাতনের ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছিল। সময়ের সঙ্গে কাঠ নষ্ট হয়ে যাওয়ায় পাটাতন ধসে গেছে। তারা জায়গাটি বালু দিয়ে ভরাট করে মসজিদটি পুনর্নির্মাণে সরকারি সহায়তা ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

 

কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন গাজী জানান, মসজিদটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মুসল্লিদের দুর্ভোগের বিষয়টি জেনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিজস্ব অর্থায়নে মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত সেখানে নামাজ আদায় স্বাভাবিক করা যায়।

 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, মসজিদ কর্তৃপক্ষ লিখিত আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:২০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ