সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গৌরনদী-বরিশাল সড়কে ৪০ কিলোমিটার মানবপ্রাচীর
হোম » জাতীয় » প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গৌরনদী-বরিশাল সড়কে ৪০ কিলোমিটার মানবপ্রাচীর

মোঃ মেহেদী হাসান, সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে সোমবার (১৩ জুলাই) সকালে গৌরনদীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর উপলক্ষে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর গড়ে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এদিন তিনি গৌরনদী ও বরিশালে বৃক্ষরোপণ, মতবিনিময় এবং দলীয় সাংগঠনিক কর্মসূচিসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সফরে কোনো তোরণ, ব্যানার, ফেস্টুন বা ব্যক্তিগত ছবি ব্যবহার করা হয়নি। জনদুর্ভোগ এড়িয়ে সাদামাটা আয়োজনের মধ্যেই পথের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশালে আসায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনভোগান্তি সৃষ্টি হয়- এমন কোনো আয়োজন রাখা হয়নি।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে একসঙ্গে প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে জিআই পণ্য হিসেবে স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারাসহ দেশীয় বিভিন্ন ফল ও ফুলগাছ রোপণ করা হবে। পাশাপাশি একযোগে ৩০০টির বেশি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বিকেলে বরিশাল সার্কিট হাউসে স্বল্প বিশ্রাম শেষে তিনি বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সভায় বরিশাল অঞ্চলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের প্রতিনিধিসহ বিএনপির বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, সরকারি কর্মসূচিগুলোর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সাংগঠনিক সভার আয়োজন করছে বিএনপি; সেখানে প্রশাসন নিরাপত্তা ও প্রয়োজনীয় সমন্বয় করবে।
দলীয় নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অবস্থান নেয়। তবে নির্দেশনা অনুযায়ী যান চলাচল ও পথচারীদের স্বাভাবিক চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টরা সতর্ক ছিলেন।
বাংলাদেশ সময়: ১০:৩৫:১২ ● ৩৬ বার পঠিত
