রবিবার ● ১২ জুলাই ২০২৬

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুর: শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

হোম » লিড নিউজ » চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুর: শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা
রবিবার ● ১২ জুলাই ২০২৬


 

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুর: শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে বিক্ষোভ, ভাঙচুর ও হামলার ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

মামলাটি শনিবার রাতে দায়ের করেন কেন্দ্র সচিব ও ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মহিউদ্দিন। বিষয়টি রবিবার (১২ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।

 

ওসি জানান, ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষায় ৮৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা চলাকালে ৩০৪ নম্বর কক্ষে কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন, প্রশ্ন তাদের প্রস্তুতির সঙ্গে মিলেনি। এ সময় কয়েকজন পরীক্ষার্থী পরস্পরের সহযোগিতায় উত্তর দেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত শিক্ষকরা বাধা দেন। এ নিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

 

পরীক্ষা শেষে শতাধিক পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কলেজের একটি ফটক ভাঙচুর করেন এবং অধ্যক্ষের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন আহত হন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরীক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

 

চরফ্যাশন থানার ওসি মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০:১২:০১ ● ১৯ বার পঠিত