রবিবার ● ১২ জুলাই ২০২৬

বেতাগীতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হোম » বরগুনা » বেতাগীতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
রবিবার ● ১২ জুলাই ২০২৬


বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভা

 

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনার বেতাগী উপজেলায় তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হালদার, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না এবং বেতাগী সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের শক্তি, মেধা ও সম্ভাবনাকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

অনুষ্ঠান শেষে জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন শ্রেষ্ঠ কর্মী ও একজন জনপ্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৬ ● ১৯ বার পঠিত