রবিবার ● ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জার্সি গায়ে ভূমি অফিসে দালালি, যুবকের এক মাসের কারাদণ্ড
হোম » পটুয়াখালী » আর্জেন্টিনার জার্সি গায়ে ভূমি অফিসে দালালি, যুবকের এক মাসের কারাদণ্ড![]()
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় দালালির অভিযোগে বাবলু হাসান (২৮) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত বাবলু হাসান উপজেলার সুবিদখালী গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে। দণ্ড কার্যকরের জন্য পরে তাকে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী জানান, উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত রাখা এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একাধিক সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে এর আগে বাবলু হাসানকে সতর্ক করা হয়েছিল। এরপরও রোববার এক সেবাগ্রহীতার অভিযোগের পর তিনি ভূমি অফিসে প্রবেশ করলে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবলু হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ভূমি অফিসকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইউজি/এমআর
বাংলাদেশ সময়: ১৫:২৬:০০ ● ২৪ বার পঠিত
