রবিবার ● ১২ জুলাই ২০২৬

ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম » পটুয়াখালী » ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার ● ১২ জুলাই ২০২৬


ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রাম থেকে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার নাঈম (২৫)এর স্ত্রী। রবিবার (১২ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) সকালে মিলি আক্তার মায়াকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে। স্থানীয়দের ভাষ্য, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে নাঈদের সঙ্গে তার বিয়ে হয়। তবে কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:১৮:৫৪ ● ১৯ বার পঠিত