শুক্রবার ● ১০ জুলাই ২০২৬
এশার নামাজে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল গণিত শিক্ষকের
হোম » পটুয়াখালী » এশার নামাজে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল গণিত শিক্ষকের ![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে এশার নামাজ আদায় করতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৫৫) নামে এক গণিত শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
নিহত মো. মুসা নুরাইনপুর অগ্রাণী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক (গণিত) ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে নুরাইনপুর বাজার জামে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ বলেন, ‘অটোরিকশার ধাক্কায় তিনি পাকা সড়কে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ২৩:০১:৩৩ ● ১৩ বার পঠিত
