শুক্রবার ● ১০ জুলাই ২০২৬
গৌরনদীতে ছাত্র-ছাত্রীদের জন্য পরামর্শ ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন
হোম » বরিশাল » গৌরনদীতে ছাত্র-ছাত্রীদের জন্য পরামর্শ ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা, চিকিৎসা ও চাকরি-সংক্রান্ত পরামর্শ প্রদানের লক্ষ্যে একটি ‘পরামর্শ ও সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার তুলাতলা বাজারে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্যোক্তাদের দাবি, গৌরনদীর যেকোনো শিক্ষার্থী সরাসরি কিংবা অনলাইনে এ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করতে পারবে।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর নেতা ও পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদারের উদ্যোগে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্রটির কার্যক্রমে সহযোগিতা করবেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন মোল্লা ও ছাত্রদল নেতা ডা. এইচ এম রাহাত।
উদ্যোক্তারা জানান, মাদকাসক্তি, সামাজিক অবক্ষয়, শিক্ষা-সংক্রান্ত সিদ্ধান্তহীনতা, উচ্চশিক্ষা, চাকরির প্রস্তুতি, উদ্যোক্তা উন্নয়ন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে বিভিন্নভাবে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। কৃষিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, প্রবাসী ও বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য মো. মজিবর ফকির, সৈয়দ আবুল কালাম আজাদ, গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম শোভন ও রাজীব খান, গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং প্রবাসী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্যোক্তা কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদার বলেন, এ কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, কর্মসংস্থান ও ব্যক্তিগত বিকাশে বাস্তবভিত্তিক সহায়তা দেওয়া হবে। তাঁর মতে, দেশের প্রতিটি উপজেলায় এ ধরনের উদ্যোগ গড়ে উঠলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক সম্পর্ক তৈরি হবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
উদ্যোক্তাদের ভাষ্য, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপনের পরামর্শে Student Platform for Aid, Relief & Knowledge (SPARK)-এর মাধ্যমে কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনের পর স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগ নিয়ে ইতিবাচক সাড়া দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২২:০২:৫২ ● ২১ বার পঠিত
