শুক্রবার ● ১০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর গৌরনদী সফর: অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

হোম » বরিশাল » প্রধানমন্ত্রীর গৌরনদী সফর: অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন
শুক্রবার ● ১০ জুলাই ২০২৬


 

প্রধানমন্ত্রীর গৌরনদী সফর: অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৩ জুলাই বরিশাল সফরকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

 

পরিদর্শনকালে মন্ত্রী বাটাজোর ইউনিয়নের অনুষ্ঠানস্থল ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

 

এম জহির উদ্দিন স্বপন সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রধানমন্ত্রীর সফরের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে।

 

এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী সফরকে ঘিরে বরিশাল-১ আসনের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫৩ ● ২৯ বার পঠিত