শুক্রবার ● ১০ জুলাই ২০২৬

তিন দিন পর তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

হোম » বরগুনা » তিন দিন পর তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
শুক্রবার ● ১০ জুলাই ২০২৬


 

মো. আসাদুল। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মো. আসাদুলের (১৬) মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে সমুদ্র সৈকতের ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মো. মুসার একমাত্র ছেলে।

 

শুক্রবার সকাল ৭টার দিকে স্থানীয় এক জেলে সমুদ্র তীরে প্লাস্টিক সংগ্রহ করতে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয়দের ও বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানালে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আসাদুলের বলে শনাক্ত করেন।

 

শুভসন্ধ্যা ফরেস্টের বিট অফিসার শাওন জানান, স্থানীয়দের কাছ থেকে সমুদ্র তীরে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা তালতলী থানায় বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেন।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৭ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে আত্মীয়দের সঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ হন আসাদুল। ঘটনার পর তালতলী ফায়ার সার্ভিস, পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে টানা উদ্ধার অভিযান চালানো হলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তিন দিন পর একই সমুদ্র সৈকতের তীরে তার মরদেহ ভেসে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২২ ● ৫২ বার পঠিত