বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

আমেরিকায় কলাপাড়ার নীলি আহমাদের ইন্তেকাল

হোম » প্রবাস » আমেরিকায় কলাপাড়ার নীলি আহমাদের ইন্তেকাল
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


 

আমেরিকায় কলাপাড়ার নীলি আহমাদের ইন্তেকাল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলাউদ্দিন আহমাদের স্ত্রী নীলি আহমাদ। বুধবার (বাংলাদেশ সময়) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে কলাপাড়ার সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে নীলি আহমাদের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত ভার্জিনিয়া হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিভিএস হেলথের অধীন সিভিএস ফার্মেসিতে ফ্রন্ট ডেস্ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

তাঁর স্বামী মো. আলাউদ্দিন আহমাদ একসময় বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক বাংলার বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ গ্রেটার ওয়াশিংটন শাখা এবং ওয়াশিংটনের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

 

পারিবারিক সূত্র জানায়, আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দার আলনুর ইসলামিক সেন্টারে জুমার নামাজের পর নীলি আহমাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্টাফোর্ড কাউন্টির একটি কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

এদিকে নীলি আহমাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব ও মহিপুর প্রেসক্লাব। সংগঠনগুলোর নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪২:০৬ ● ২৮ বার পঠিত