
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমুদ্রসৈকত কুয়াকাটার একটি অভিজাত হোটেলে মঙ্গলবার রাতে এ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হুমায়ুন কবিরকে (এটিএন বাংলা/এটিএন নিউজ) সভাপতি এবং আকতার ফারুক শাহীনকে (যুগান্তর/এনটিভি) সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীনের সঞ্চালনায় জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নানা সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি দাবি জানানো হয়।
পরে অনুষ্ঠিত সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সর্বসম্মতিক্রমে হুমায়ুন কবিরকে সভাপতি এবং আকতার ফারুক শাহীনকে সাধারণ সম্পাদক করে বিটিএমএ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন), সালেহ টিটু (বাংলাভিশন), নিকুঞ্জবালা পলাশ (দৈনিক আমার দেশ/গাজী টিভি) ও এম জসিম উদ্দিন (প্রথম আলো); যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির (সকালের সময়), শেখ শামীম (মোহনা টেলিভিশন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), সুমন চৌধুরী (দৈনিক সমকাল) ও মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন); সাংগঠনিক সম্পাদক শাহিন হাফিজ (ইত্তেফাক); অর্থ সম্পাদক মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান); তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুশফিক সৌরভ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম); পাঠাগার সম্পাদক তন্ময় তপু (আগামীর সময়/নাগরিক টেলিভিশন); সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান); ক্রীড়া সম্পাদক শাওন খান (জাগো নিউজ); প্রচার সম্পাদক ওমর ফারুক সাব্বির (বিএইচএস টিভি) এবং দপ্তর সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আজাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (বণিক বার্তা), খোকন আহমেদ হীরা (দৈনিক জনকণ্ঠ/স্মার্ট সংবাদ), শাহ আলম (দৈনিক সংগ্রাম), এসএন পলাশ (ঢাকা টাইমস), জুয়েল রানা (সমকাল ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন), জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) এবং নাজমুল রিপন (বাংলা টিভি)।