বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

নেছারাবাদে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

হোম » পিরোজপুর » নেছারাবাদে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


নেছারাবাদে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একই রাতে তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং ৩ নম্বর স্বরূপকাঠি সদর ইউনিয়নের অহংকারকাঠী গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর ও জগন্নাথকাঠী বন্দরের সাবেক সভাপতি আব্দুস সালামের বাড়ির সামনের দরজা ভেঙে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী, দুই মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে আলমারি ভেঙে নগদ প্রায় ১ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা পালিয়ে যায়।

একই রাতে পার্শ্ববর্তী ৩ নম্বর স্বরূপকাঠি সদর ইউনিয়নের অহংকারকাঠী গ্রামের কাঞ্চন কাজীর দুই ছেলে তপু কাজী ও লিটু কাজীর বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে তারা পালিয়ে যায়।

ভুক্তভোগী তপু কাজী জানান, রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। শিশু সন্তানদের হত্যার হুমকি দিয়ে তারা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। এরপর একই দলের সদস্যরা তার ভাই লিটু কাজীর বাড়িতে গিয়ে সেখান থেকেও নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় এ ঘটনায় মামলা না করার জন্যও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

অপরদিকে আব্দুস সালামের জামাতা মো. রাসেল জানান, রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল তাদের বাড়িতে হামলা চালায়। ডাকাতরা সামনের দরজা ভেঙে ঘরে ঢুকে তার শাশুড়ি, স্ত্রী ও শ্যালিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারি থেকে নগদ ১ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই নেছারাবাদ থানা পুলিশকে খবর দেওয়া হয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। কিন্তু একই রাতে পরপর তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪০ ● ৬৩ বার পঠিত