
সাগরকন্যা বিনোদন ডেস্ক
অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম) এর ১৭তম আসরে একসঙ্গে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র স্থান পেয়েছে। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য এ উৎসবে ৩১টি ভাষার ৭৫টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দিলুপি’ এবং মাহদে হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’।
একই বিভাগে আরও রয়েছে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’ এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’। এ বিভাগে সর্বোচ্চ তিনটি চলচ্চিত্র নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ, যা দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
উৎসবের বিশেষ আয়োজন হিসেবে আগামীকাল বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘লগান’ এর মুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছবিটির অভিনেতা ও প্রযোজক আমির খান। এরই মধ্যে তিনি মেলবোর্নে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাট।
এর আগে চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও একসঙ্গে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সে সময় রইদ ও দিলুপির পাশাপাশি রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার উৎসবের বিগ স্ক্রিন বিভাগে প্রদর্শিত হয়। পরে চলচ্চিত্রটি বিভাগটির সেরা ছবির পুরস্কার জিতে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ে।